দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক করা হয়েছে। এর আগে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বেও ছিলেন। তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া নিয়ে স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে আলোচনা-সমালোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, ২০২৬ সালের মার্চে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে আশিক মাদবরের ভাষ্য, তিনি এ বছরের মে মাসে স্বেচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নিয়ে বিএনপির কর্মী হিসেবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমতিক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক ঘোষণা করা হয়। তাঁর নাম ঘোষণার পর স্থানীয় যুবদলের একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করেন তাঁদের একাংশ।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে গঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আশিক মাদবর। এর আগে তিনি একই সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরে ২০২৪ সেশনে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং ২০২৫ সেশনে স্কুল ও কলেজ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। সবশেষ ২০২৬ সেশনে কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি ইমন সরদার জানিয়েছেন, ২০২৬ সালের মার্চ থেকে আশিক মাদবরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে, আশিক মাদবরের ফেসবুক প্রোফাইলে ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে। বিভিন্ন জেলায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে অতিথি হিসেবে উপস্থিত থাকার ছবিও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেখা যায়।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান জেলা কমিটির উপদেষ্টা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী বলেন, আনোয়ার মাদবরের ছেলে আশিক মাদবর একসময় তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনি হয়তো পদচ্যুত হয়েছেন। জেলা যুবদলের দপ্তর সম্পাদক হওয়ার খবর শুনে তাঁরা আক্ষেপ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দোয়া করেছেন, যেন আল্লাহ তাকে সঠিক হেদায়েত দান করেন ও ইসলামের পথে ফিরিয়ে আনেন।
এদিকে, ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আশিক মাদবরকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় যুবদলের একাংশের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, বিএনপির দুঃসময়ে দলের সঙ্গে থাকা অনেক নেতাকর্মীকে মূল্যায়ন না করে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত একজনকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। তারা দ্রুত আশিক মাদবরের নাম কমিটি থেকে প্রত্যাহার করে ওই পদে ত্যাগী ও যোগ্য নেতাকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবারের সংবাদ সম্মেলনে সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আক্তার মাঝি বলেন, গত মাসে জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। সেখানে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। পূর্ণাঙ্গ কমিটিতে তাদের মূল্যায়ন করা হবে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু গুরুত্বপূর্ণ পদে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা একজনের নাম দেখে তাঁরা বিস্মিত হয়েছেন।
আক্তার মাঝি বলেন, দলের এত ত্যাগী নেতাকর্মী থাকতে অন্য দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা একজনকে কীভাবে কমিটিতে স্থান দেওয়া হলো, তা তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। অবিলম্বে আশিক মাদবরের নাম কমিটি থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে আশিক মাদবর বলেন, ছোটবেলা থেকেই তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত ছিলেন। পরবর্তী সময়ে ধর্মীয় পথে ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। জুলাই আন্দোলনে তিনি সম্মুখসারিতে থেকে অংশগ্রহণ করেন। এ বছরের মে মাসে স্বেচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
যুবদলে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশিক মাদবর বলেন, আমৃত্যু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।
এ বিষয়ে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আশিক মাদবর শিক্ষিত ও ভদ্র। তার যোগ্যতা বিবেচনা করেই কেন্দ্র থেকে তাঁকে দপ্তর সম্পাদক পদ দেওয়া হয়েছে। তবে তিনি অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমন তথ্য তাঁর জানা নেই।
আশিক মাদবরের সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, এগুলো হয়তো কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করতে পারে।
যে আই